উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব। আজ বিকেল ৩টায় রাজধানীর স্বামীবাগ মন্দির থেকে এই রথ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছাবে। এবারের রথযাত্রার রুট হিসেবে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় নির্ধারণ করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে এক সপ্তাহ অবস্থানের পর আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে পুনরায় স্বামীবাগ মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জানিয়েছে, এ বছর বাংলাদেশে তাদের উদ্যোগে মোট ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের পুরীর রথযাত্রার পর ঢাকার এই আয়োজনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৭ সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রথম রথযাত্রার বিশ্বায়ন শুরু করেন ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। বর্তমানে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন ও পাকিস্তানসহ বিশ্বের প্রায় প্রতিটি প্রধান শহরে এই উৎসব পালিত হচ্ছে। উৎসবটি ঘিরে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।