উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় পদধারীদের চুক্তিভিত্তিক নিয়োগের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির শ্রমিক সংগঠন 'জাতীয় শ্রমিক শক্তি' আয়োজিত 'জুলাই শ্রমিক জাগরণ' অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন। আখতার হোসেন বলেন, যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেখানে সরকার যদি দলীয় নেতা-কর্মীদের নিয়োগ দেয়, তবে দেশে গণতন্ত্র অবশিষ্ট থাকে না। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সব স্তরে ক্ষমতাসীন দলের ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানোর সমালোচনাও করেন তিনি। অনুষ্ঠানে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি সরকারকে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা বন্ধ করে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন জুলাই আন্দোলনে শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। সমাবেশ থেকে 'জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি' নামে এনসিপির নতুন একটি সহযোগী সংগঠনের কমিটিও ঘোষণা করা হয়।