উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে হাওর পর্যটনের অন্যতম আকর্ষণ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক এবং হাউসবোট পরিচালনাকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সতর্কবার্তা দেওয়া হয়। জেলা এবং ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অব্যাহত বর্ষণ চলছে। এতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে এবং কিছু নদী বিপদসীমা অতিক্রম করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিয়ে হাওরে যাত্রা না করার আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের নির্দেশনায়। অতিরিক্ত যাত্রী পরিহার করে হাউসবোটে মানসম্মত লাইফজ্যাকেট ও লাইফবয় রিং-এর ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার জন্য হাউসবোট মালিক ও পর্যটকদের অনুরোধ করা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা এলে অবিলম্বে তা বাস্তবায়ন করার কথাও জানিয়েছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান জানান যে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এবং এই মুহূর্তে হাওরে পর্যটন ঝুঁকিপূর্ণ।