উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হাফসা খাতুন, প্রকাশক ও সসম্পাদক ||
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত "জুলাই অনির্বান" প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এ সময় অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন টেলিফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন। আলোচনা পর্বে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বলেন, জুলাই শহিদ দিবস আমাদের জাতীয় জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারীদের আত্মত্যাগ ইতিহাস জুড়ে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমান সরকার শহিদ পরিবার ও আহতদের যথাযথ সম্মান, স্বীকৃতি, কল্যাণ এবং পুনর্বাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শহিদ আবু সাঈদ, শহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ সকল শহিদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। ২০২৪ সালের জুলাই মাসে গণআন্দোলনকে সর্বজনীন রূপ দেওয়ায় সর্বস্তরের জনগণের ভূমিকার কথা তুলে ধরে বক্তারা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।