উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউজ ডেক্স ||
রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও এক কর্মী নিহতের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা। গত ২৪ জুলাই রাতে কাফরুল থানার ৪ নম্বর ওয়ার্ডে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে একদল সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে এই হামলা চালায়।উক্ত ঘটনায় ভাগ্যক্রমে হাফিজুল ইসলাম বাবু প্রাণে বেঁচে গেলেও তিনজন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় যুবদল কর্মী ইউসুফ মারা যান। যুবদল কর্মীর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি সামাজিক সংগঠনের নাম জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।ঘটনার পরপরই স্থানীয় জনতা চঞ্চল নামের এক অভিযুক্তকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। আটকের পর চঞ্চলের দেওয়া তথ্যের ভিত্তিতে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ এবং তার কথিত গডফাদারকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, মূল অপরাধীদের আড়াল করার জন্যই নানা সামাজিক সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।নিজের ওপর হওয়া এই হামলার বিষয়ে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু বলেন, “আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার সহযোদ্ধা ছোট ভাই ইউসুফ নিহত হয়েছে। এই ক্ষতি কখনো পূরণ হবার নয়। আমি এই পরিকল্পিত হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”উল্লেখ্য, হাফিজুল ইসলাম বাবু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে প্রায় চার থেকে পাঁচ বছর কারাবরণ করেন। কারামুক্তির পর বর্তমানে তিনি ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং আগামী নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাভিত্তিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও কোন্দলই এই হামলার নেপথ্যে প্রধান কারণ হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে।