উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নুর আলম, নিজস্ব প্রতিনিধ ||
রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে চলা পানি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মিরপুর-১৩-এর বিভিন্ন এলাকায় পানি সরবরাহে অনিয়ম ও সংকটের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় পানি পেতে গভীর রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের।স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে পর্যাপ্ত পানি না পাওয়ায় বাধ্য হয়ে রাতেও দীর্ঘ লাইন ওয়াসার পানি সংগ্রহের জন্য অপেক্ষা করতে হচ্ছে । নারী, শিশু ও বয়স্কদেরও পানি সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে মিরপুর-১৩-এর পশ্চিম বাইশটেকী ও ৪ নম্বর ওয়ার্ড এলাকায় দীর্ঘদিনের পানি সংকটের কথা উঠে আসে। ওই সময় স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, প্রায় দুই মাস ধরে তারা তীব্র পানি সংকটে ভুগছিলেন। নিয়মিত পানি না পাওয়ায় ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হচ্ছিল বলে অভিযোগ করেন তারা।মিরপুরের পানি সংকট শুধু মিরপুর-১৩-তেই সীমাবদ্ধ নয়। চলতি বছরের জুনে শেওড়াপাড়া, মনিপুর ও মিরপুর-১১ এলাকাতেও পানি সংকট নিয়ে বাসিন্দাদের দুর্ভোগের খবর প্রকাশিত হয়। কোথাও কোথাও পানি সরবরাহের দাবিতে স্থানীয়দের সড়কে নামার ঘটনাও ঘটে।জুলাই মাসেও মিরপুরের পূর্ব কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় দীর্ঘস্থায়ী পানি সংকটের খবর প্রকাশিত হয়। সেসব এলাকায় বাসিন্দাদের ঘণ্টার পর ঘণ্টা পানির অপেক্ষায় থাকতে এবং কোনো কোনো ক্ষেত্রে ওয়াসার পানির ট্যাংকারের ওপর নির্ভর করতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় বছরের পর বছর পানি নিয়ে এমন ভোগান্তি কেন থাকবে? নিয়মিত ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসা কার্যকর ব্যবস্থা নেবে কবে—এমন প্রশ্নও তুলেছেন তারা।বাসিন্দাদের দাবি, পানি সরবরাহ ব্যবস্থার ত্রুটি চিহ্নিত করে দ্রুত স্থায়ী সমাধান করতে হবে। বিশেষ করে রাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহের মতো পরিস্থিতির অবসান ঘটিয়ে প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।পানি সংকটের বিষয়ে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।