উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জিরো টেন ||
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকাগামী বিজি-৪৩৬ ফ্লাইটে নোজ ল্যান্ডিং গিয়ারের ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিকল্প পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।বেবিচকের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ অক্টোবর ২০২৬, শনিবার কক্সবাজার থেকে ৭৮ জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৮২ জন আরোহী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটি।উড্ডয়নের পর উড়োজাহাজটির ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এতে নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা হয়। পরিস্থিতি বিবেচনায় পাইলট দুপুর ২টা ২০ মিনিটে এরিয়া কন্ট্রোলের মাধ্যমে জরুরি অবস্থার কথা জানান। তখন উড়োজাহাজটি প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় ছিল।জরুরি বার্তা পাওয়ার পর ঢাকা টাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমকে সতর্ক অবস্থায় রাখা হয়। একই সঙ্গে মার্শালিংয়ের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করা হয়।পাইলটের কার্যকর পদক্ষেপে বিকল্প পদ্ধতিতে নোজ ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করা সম্ভব হয়। পরে বিকেল ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।অবতরণের পর যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বেবিচক চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।দৈনিক জিরো টেনসত্য প্রকাশে আপোষহীন