উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক | দৈনিক জিরো টেন ||
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, বিদেশি সিগারেট, আমদানি-নিষিদ্ধ প্রসাধনী, ওষুধ, ল্যাপটপ, মুঠোফোন ও অ্যালকোহলজাতীয় পানীয়।গত ১৩ ও ১৪ অক্টোবর পরিচালিত এসব অভিযানের তথ্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।কাস্টমসের তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন থেকে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম, প্রসাধনসামগ্রী, ল্যাপটপ, মুঠোফোন ও অ্যালকোহলজাতীয় পানীয় উদ্ধার করা হয়।দুই দিনের অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম স্বর্ণালংকার, ৩২টি ল্যাপটপ ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৭ লিটার অ্যালকোহলজাতীয় পানীয়, ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ৬৪ দশমিক ১৮ কেজি আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।ডাক ও রেলপথে পণ্য পাঠানোর পরিকল্পনাঅভিযানের অংশ হিসেবে ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭৮৭টি আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম ও ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।সিআইআইডির দাবি, পণ্যগুলো আকাশপথে দেশে আনার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস) কেন্দ্র হয়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে পাঠানোর পরিকল্পনা ছিল। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় বিমানবন্দর, ডাক বিভাগ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের একটি সম্ভাব্য চোরাচালান কৌশলের তথ্য পাওয়া গেছে।জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগকাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌন উত্তেজক ওষুধের ব্যবহার এবং নির্ধারিত তাপমাত্রা বজায় না রেখে ইনসুলিন পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র এবং রেলপথে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।