উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সুদূর প্রবাসেও অক্ষুণ্ণ রয়েছে শারদীয় দুর্গোৎসবের আবেগ। নিউইয়র্কের বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কোয়ারে ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী দ্বিতীয় ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব’। গত ১০ ও ১১ অক্টোবর আয়োজিত এই উৎসবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাঙালি এবং আন্তর্জাতিক পর্যটকদের অংশগ্রহণে মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ। ধর্মীয় আচার ও পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। দ্বিতীয় দিনে ‘দশ মহাবিদ্যা’ নৃত্যনাট্য এবং জনপ্রিয় শিল্পী মেখলা দাশগুপ্ত ও দেয়াশিনী রায়ের সংগীত পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চাকে সমৃদ্ধ করতে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে আমেরিকায় গত পাঁচ দশক ধরে বাঙালি সংস্কৃতি ও দুর্গাপুজোর ঐতিহ্য ধরে রাখা ছ’টি ঐতিহ্যবাহী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক এই মঞ্চে আরও একবার প্রবাসে বাঙালির আবহমান ঐতিহ্য ও উৎসবের আবহ ফুটে ওঠে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রবাসী বাঙালিদের এই মিলনমেলা বিদেশের মাটিতে এক টুকরো বাংলা সংস্কৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে।