উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
রাজধানীর তীব্র যানজট থেকে নগরবাসীকে স্বস্তি দিতে ঢাকার অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক প্রশাসনিক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দেন। একইসঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য বাধাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান, সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধি এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতির জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের কঠোর নির্দেশ দেন। যানজটের কারণে কর্মঘণ্টার অপচয় ও সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তবে জমি অধিগ্রহণ ও পুনর্বাসন জটিলতা দ্রুত নিরসন এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এড়াতে প্রতিটি ধাপে নিজস্ব তদারকি কমিটি গঠন করে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় পরিবেশগত ভারসাম্য বজায় রেখে জলাশয়, নদী ও সবুজ বেষ্টনী রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি নতুন এই রিং রোডের সঙ্গে মেট্রোরেল, বিদ্যমান গণপরিবহণ ও নৌপথের বহুমুখী সংযোগ বা মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরি করা গেলে নগরবাসী এর পূর্ণ সুফল পাবেন।