উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শামীম আহমেদ ||
পাবনার সাঁথিয়ায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ইছামতী নদীর বুকে ছুটে চলা রঙিন নৌকার প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে সমবেত হন লক্ষাধিক মানুষ। ঢাকঢোল, করতালি আর দর্শকদের উল্লাসে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পৌরসভাধীন আফতাবনগর ছেঁচানিয়া ব্রিজসংলগ্ন ইছামতী নদীতে এলাকাবাসীর উদ্যোগে এ বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ।নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীরে সকাল থেকেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে নদীর পাড়। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ নৌকা বাইচ উপভোগ করতে ছুটে আসেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর দ্রুতগতির ছুটে চলা, মাঝিদের বৈঠার ছন্দময় টান এবং দর্শকদের উচ্ছ্বাসে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ।গ্রামবাংলার হাজার বছরের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এই নৌকা বাইচ নতুন প্রজন্মের কাছে বাঙালির শেকড়ের পরিচয় তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। জমজমাট লড়াই শেষে ‘এরশাদ ফাইটার্স শরীষা’ প্রথম স্থান অর্জন করে পুরস্কার জিতে নেয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিবছর এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।