উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ হামলায় বগুড়ার শ্রমজীবী শাহেদ আহম্মেদ ও ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল বিপর্যস্ত হওয়ায় রিয়াদে এবং বাংলাদেশে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি হওয়ায় এই সংকটময় পরিস্থিতিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা জরুরি। এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদের চিকিৎসাসেবায় যাতে কোনো গাফিলতি না হয়, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখতে হবে। হ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের কারণে আটকে পড়া প্রবাসীদের ভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়। দূর থেকে আসা যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা, অতিরিক্ত চার্জ ছাড়া টিকিট পুনর্নির্ধারণ এবং ভিসা ও ছুটির মেয়াদ শেষের জটিলতা দূর করতে বিশেষ সহায়তা ডেস্ক চালু করতে হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমাদের জনশক্তির নিরাপত্তা সুনিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং মিশনগুলোর যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে হবে।