উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা–কর্মী অংশগ্রহণ করেন। নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে যে প্রার্থীর গ্রহণযোগ্যতা আছে এবং জনগণের ভোটে জয়ী হবেন, এমন প্রার্থীকে বেছে নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য নেতা–কর্মীদের আহ্বান জানান তিনি। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ৫০ ভাগ অপরাধ কমে যাবে বলে মন্তব্য করেন তিনি। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। সভায় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে সামরিক বিমানযোগে রাজশাহী থেকে এসে তিনি চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছিলেন। ওই সফরে তিনি চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। কর্মসূচি শেষে রাতে তিনি চট্টগ্রাম ছেড়ে যান। সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সোচ্চার থেকে সরকারের ভালো কাজগুলো মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।