উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার লক্ষ্যে আলোচনা শুরু করেছে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট সাতটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাতদলীয় ঐক্যের কাঠামো ও অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, জোটের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে ঐক্যের নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগ পর্যন্ত দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে। সাতটি দল ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তবে দলগুলো নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখবে। ঐক্যের ভিত্তি ও কর্মপদ্ধতি ঠিক করতে লিয়াজোঁ কমিটির নেতারা কাজ করছেন। বৈঠকে অন্য কোনো রাজনৈতিক জোটে থাকা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। হেফাজত নেতারা অন্য জোট ছাড়ার অনুরোধ জানালেও বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম জানিয়েছে, সাত দলের ঐক্য হলে তারা বিএনপির জোট থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে থাকা দলগুলোর অবস্থান নিয়েও বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে মাওলানা মামুনুল হককে নিয়ে নেতিবাচক প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের নিন্দা জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নেতারা নিজেদের মতামত তুলে ধরেন।