উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রুমানা রহমানঃ ||
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছালে তা গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।মরদেহ হস্তান্তরের সময় শাহেদের পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ অর্থ দেওয়া হয়েছে। এর মধ্যে মরদেহ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা রয়েছে।এদিকে শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি তার বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল বাংলাদেশ দূতাবাসের রিয়াদস্থ ব্যাংক হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ অর্থ শাহেদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।এ ছাড়া শাহেদের বিএমইটি (BMET) কার্ড বা বৈধতার পরিচয়পত্র থাকলে তার পরিবার আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পেতে পারে। পাশাপাশি তিনি বিমার আওতাভুক্ত থাকলে তার পরিবার আরও ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।শাহেদের পরিবারের জন্য সরকারি সহায়তা, নিয়োগকারী প্রতিষ্ঠানের পাওনা এবং সম্ভাব্য বিমা সুবিধা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।