উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। শুক্রবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে মূল্যবান এই ধাতুটির দাম। এর আগে গত বৃহস্পতিবারও ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনে দেশের বাজারে স্বর্ণের দাম কমল সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি শুক্রবার সকালে জানিয়েছে, মূলত তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে স্বর্ণের দরপতনই এর পেছনের মূল কারণ বলে জানিয়েছে সংগঠনটি। নতুন এই দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি কিছুটা কমেছে রুপার দামও। ২২ ও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা করে কমে যথাক্রমে ৩ হাজার ৮৪৯ ও ৩ হাজার ৬৭৪ টাকা হয়েছে। উল্লেখ্য, নির্ধারিত এই স্বর্ণ ও রুপার দামের সাথে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।