উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
আন্তর্জাতিক বাজারের মতো দেশের বাজারেও টানা দুই দিন ধরে স্বর্ণের দাম কমানো হয়েছে। শুক্রবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত বৃহস্পতিবারও স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনে ধাতুটির দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে স্বর্ণের দরপতনই মূলত এই দাম কমার প্রধান কারণ। আজ সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর করা হয়েছে। নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা হয়েছে। স্বর্ণের পাশাপাশি কিছুটা কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে ৩ হাজার ৮৪৯ টাকা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে ৩ হাজার ৬৭৪ টাকায় দাঁড়িয়েছে। উল্লেখ্য, স্বর্ণ ও রুপার এই দামের সাথে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।