উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি এই আসর উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তিনি সুস্থ জাতি গঠনে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন। অবৈধভাবে দখল করা মাঠ উদ্ধার ও নতুন মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আর্থিক কারণে যেন কোনো প্রতিভা ঝরে না পড়ে, সে জন্য স্কুল ও জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করতে হবে। এছাড়া নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তাঁকে ধন্যবাদ জানান। তিনি বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার অনুরোধ করেন। অ্যাথলেটিকসকে ক্রীড়ার জননী হিসেবে উল্লেখ করে এর ভিত্তি মজবুত করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রতিযোগিতায় ৫৭টি দল অংশ নেয় এবং মশাল প্রজ্বালন করেন সাবেক অ্যাথলেটরা। উদ্বোধন শেষে রাষ্ট্রপতি ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পদক তুলে দেন।