উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
সরকারি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান যোগ্যতার শর্ত শিথিল করে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল পাস হয়েছে। আজ সোমবার এই বিল পাসের প্রস্তাব সংসদে তোলেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলে বলা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে, এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না। বিলটির ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন যে বিলে কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়েছে এবং সেগুলো বন্ধ করা প্রয়োজন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন যে সুযোগ বঞ্চিত ব্যক্তির সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা দরকার। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন যে এই আইন বাস্তবায়নের পর্যায়ে গেলে সুযোগ বঞ্চিত ব্যক্তি দলীয় সুবিধাবাদী ব্যক্তিতে পরিণত হতে পারে। বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণের বিষয়টি একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয় এবং সুযোগ বঞ্চিত হলেই যে কেউ সুবিধা পাবেন, তা নয়। পরে বিরোধীদলীয় সদস্যদের আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। এর পর বিলটি সংসদে পাস হয়। বিলে আরও বলা হয়েছে যে দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বাড়ানোর লক্ষ্যে সরকার বাংলাদেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে। এছাড়া কোনো বিদেশি ব্যক্তি এই আইনের অধীন দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করতে চাইলে আবশ্যিকভাবে বাংলাদেশের কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে। এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি পাসের জন্য সংসদে তোলেন এবং জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে তা পাস হয়। বিলে বলা হয়েছে, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। এই কর্তৃপক্ষ ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে। অপরিকল্পিত ও অপ্রশস্ত সড়ক এবং এলাকার ভূমি পুনঃ উন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প নিতে পারবে এই কর্তৃপক্ষ।