উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
আইভরি কোস্টের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি বছরের এল নিনোর প্রভাবে কোকো উৎপাদন এক-চতুর্থাংশ পর্যন্ত কমে যেতে পারে। পানির ঘাটতি ও অতিরিক্ত তাপমাত্রার কারণে কোকো উৎপাদন ২১ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে কোকোর অপরিপক্ব ফল সময়ের আগেই শুকিয়ে যেতে পারে এবং কৃষকেরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন। ব্রাজিলের আমাজন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা থেকে শুরু করে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল পর্যন্ত এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, চলতি বছরের এল নিনোর কারণে সৃষ্ট খরা ও বন্যায় এমন অনেক দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যেগুলো আগে থেকেই তীব্র খাদ্যসংকটে ভুগছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার ডি ক্রু জানিয়েছেন, এল নিনোর ভয়াবহ প্রভাব মোকাবিলায় এখনই পদক্ষেপ নিলে ৩৬ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। আর এখন ব্যবস্থা না নিলে এই ব্যয় বেড়ে ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে। তুরস্কে জাতিসংঘের জলবায়ু আলোচনার ফাঁকে তিনি বলেন যে এখনই ব্যবস্থা নিলে এর খরচ অর্ধেক কমে যাবে। এল নিনো এমন একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যার ফলে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের উপরিভাগের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের এল নিনো রেকর্ডের সবচেয়ে শক্তিশালী হতে পারে এবং আগামী ডিসেম্বর মাসে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।