উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরির চেষ্টা চালালেও দেশের জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, অতীতে গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারী শক্তিকে উৎখাত করা হয়েছিল, ঠিক তেমনিভাবে তাদের যেকোনো অরাজকতাও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষের সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। মাওলানা ভাসানীর আদর্শ স্মরণ করে জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন জনগণের ঐক্যের ডাক দিয়ে গেছেন ভাসানী। দেশে টেকসই শান্তি ও গণতন্ত্রের পূর্ণতার জন্য মেহনতি মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং প্রাণ-প্রকৃতি রক্ষা করা অপরিহার্য। ভাসানীর রেখে যাওয়া সেই দিকনির্দেশনাগুলো আজও বাংলাদেশের পথচলার প্রধান দিশা। দেশ বর্তমানে পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার অত্যন্ত জরুরি। তবে সবচেয়ে বড় প্রয়োজন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা ন্যূনতম জাতীয় ঐকমত্য ধরে রাখা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও দেশকে গণতান্ত্রিক পুনর্গঠনের পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রদ্ধা নিবেদনকালে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ গঙ্গার পানিবণ্টন নিয়ে কথা বলেন। তিনি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করার দাবি জানান। এ সময় দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, প্রচার সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রম খাতবিষয়ক সম্পাদক আলীফ দেওয়ানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।