উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আপিয়া সিকদার ||
বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমিতে ১২ সপ্তাহব্যাপী Crash Fire & Rescue (CFR) Initial Course No. 06-এর প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৫ নভেম্বর ২০২৬ (রবিবার) শুরু হওয়া এ প্রশিক্ষণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন বিমানবন্দরের ফায়ার বিভাগে নবনিয়োগপ্রাপ্ত ১৫ জন এয়ারপোর্ট ফায়ার অপারেটর অংশগ্রহণ করছেন।বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার লক্ষ্যে এ কোর্স আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা কার্যক্রম পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা অর্জন করবেন।কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। বক্তব্যে তিনি বলেন, ICAO-এর গ্লোবাল এভিয়েশন ইমার্জেন্সি প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান চলাচলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বেবিচকের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন, আগামী ১২ সপ্তাহে প্রশিক্ষণার্থীরা অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ গাড়ি পরিচালনা এবং ফায়ার ফাইটিংয়ের বিভিন্ন বিষয়ে নিবিড় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এ প্রশিক্ষণ বিমানবন্দরে অগ্নিকাণ্ড ও বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাঁদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ফায়ার) (চলতি দায়িত্ব) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ICAO-এর মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং এয়ারপোর্ট ইমার্জেন্সি প্ল্যান বাস্তবায়নে প্রশিক্ষণার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং কোর্স সমন্বয়কারী ও ইন্সট্রাক্টর (ফায়ার) মনিরুল ইসলাম।এ প্রশিক্ষণের মাধ্যমে বিমানবন্দরগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও পেশাদার প্রতিক্রিয়া নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল তৈরির প্রত্যাশা করা হচ্ছে।