উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক কৌশল নিয়ে এগোচ্ছে সরকার। আওয়ামী লীগের চলমান সহিংসতাকে উসকানি হিসেবে দেখছে সরকার, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে জুলাইয়ের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ফাঁদে পা না দিয়ে সরকার গোপালগঞ্জে বলপ্রয়োগ বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নীতিতে অচল রয়েছে। পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে মাথা গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছেন। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, আওয়ামী লীগ চাইছে সরকার কঠোর বলপ্রয়োগের পথ বেছে নিক, যা পরে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়। তবে সরকার ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশবাসীর সামনে স্পষ্ট হতে দিতে চায় এবং পরিস্থিতি আরও অবনতি হলে কঠোর ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তাঁরা কোনো উসকানিতে পা না দিয়ে গণতান্ত্রিক ও আইনানুগভাবে ফ্যাসিবাদী আচরণ মোকাবিলা করবেন। আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ নিয়ে একান্ত আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের শর্ত দিয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াতও পৃথকভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে গোপালগঞ্জে সহিংসতা অব্যাহত থাকায় বৃহস্পতিবার মুকসুদপুর থানায় এবং সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নাটোরে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী অপরাধীদের আইনের আওতায় আনবে এবং গণতান্ত্রিক পরিবেশে যেকোনো বেআইনি শক্তির মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।