উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন ও বাজার মূলধন উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ শেষে ডিএসইতে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহ শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। ফলে এক সপ্তাহে বাজার মূলধন শূন্য দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ডিএসইতে গড় দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে উন্নীত হয়েছে। আলোচ্য সপ্তাহে বাজারে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং ১৫৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাশাপাশি ৪০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল এবং ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি। ব্লক মার্কেটে ১৯৪ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা এবং এসএমই মার্কেটে ২০ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে। এছাড়া অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে ১ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা এবং সরকারি সিকিউরিটিজে ১০ লাখ টাকা লেনদেন হয়েছে।