উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
রাজধানীর একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে তিনটি নতুন উদ্যোগের প্রস্তাব পেশ করেন। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে অংশীদারত্ব, যৌথ গবেষণা ও সমাজ বা শিল্পখাতের সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। উদ্যোগগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে তিনি ত্রিশ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, নব্বই দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনার প্রস্তাব দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্নাতকদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না বরং কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দলগতভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কেবল সমঝোতা স্মারক স্বাক্ষর করলেই চলবে না বরং যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে সম্পর্ক কার্যকর করতে হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে তিনি জানান যে শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবে এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। সম্মেলনের একটি অধিবেশনে এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সার্বিয়ার গ্লোবাল এডুকেশন ফিউচারসের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল লুকশা এবং কাজাখস্তানের আলমাটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসিলবেক কোঝাখমেতভ অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন এবং আইএইউপির কোষাধ্যক্ষ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আইএইউপি যৌথভাবে এই তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে যেখানে ২৫টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর আগে সকালে তিন দিনব্যাপী আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।