উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের আইএইউপির ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব দিয়েছেন। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে অংশীদারত্ব, যৌথ গবেষণা ও শিল্প বা সমাজের সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়ন এই তিনটি প্রধান উদ্যোগের কথা জানানো হয়। উদ্যোগগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান প্রস্তাব করেন যে, ৩০ দিনের মধ্যে প্রতিটি উদ্যোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন করতে হবে। এছাড়া ৯০ দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে এর অগ্রগতি পর্যালোচনা করার আহ্বান জানান তিনি, যাতে আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন ও কাজের লক্ষ্য নির্ধারণ করতে পারে। বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআইয়ের ব্যবহার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা কোন কাজে এটি ব্যবহার করতে পারবে এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে সে বিষয়ে স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। উচ্চশিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মতামত গ্রহণ, পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা এবং গবেষণায় সততা বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার বিষয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, কেবল সমঝোতা স্মারক স্বাক্ষর করলেই সহযোগিতার সুফল মিলবে না। যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে এই সম্পর্কগুলোকে প্রকৃত অর্থে কার্যকর করে তুলতে হবে। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ ও আইএইউপি যৌথভাবে এই তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে যেখানে ২৫টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর আগে সকালে তিন দিনব্যাপী আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং সমাপনী অধিবেশনে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।