উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীদের অনুপ্রবেশ এবং নাশকতা সৃষ্টির অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। শুক্রবার বিকেলে ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালী ও মাজরাকুড়া বাজারে আয়োজিত পথসভায় তিনি এই ঘোষণা দেন। এমরান সালেহ বলেন, গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ না থাকা উদ্বেগজনক জানিয়ে তিনি পলাতকদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। বিএনপির এই নেতা আরও বলেন, ভারত সরকার তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না বলে তিনি আশা করেন। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের সতর্ক থেকে সন্দেহজনক তথ্য পেলে বিজিবি বা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। এর আগে হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন এমরান সালেহ। ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।