উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে কোনো লাভ হবে না। ২০২৪ সালে সংঘটিত অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন। ‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ এই সমাবেশের আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) যৌথভাবে এই কর্মসূচি পালন করে। হাসনাত কাইয়ূম বলেন, ১৭ বছর ধরে মানুষ গণতান্ত্রিক নির্বাচন ও লুটপাটের বিচার চেয়েছিল, যার বিপরীতে মানুষকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আট দফা আন্দোলনকে কেন্দ্র করে গোপালগঞ্জে রাস্তাঘাট, প্রশাসনিক স্থাপনা, আদালত, থানায় হামলা এবং হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছে। নড়াইলেও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলকভাবে কারও বাড়িঘরে অগ্নিসংযোগেরও নিন্দা জানান তিনি। একই সঙ্গে একজন হিন্দু নেতার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুরো হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে প্রচারেরও সমালোচনা করেন তিনি। সমাবেশে অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড আবারও প্রমাণ করছে যে দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। জুলাই গণ–অভ্যুত্থানের পর বিভাজন কমিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন ও সংস্কারের কথা বলা হয়েছিল। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন।