উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
দেশের জ্বালানি সঙ্কট নিরসনে প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা দিয়েছে সরকার। যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে এই পল্লী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। আজ শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো: মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান। প্রতিমন্ত্রী জানান, এই উদ্যোগকে সফল করতে যুবকদের মধ্যে ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে। বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। সভায় অধিকসংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণ দেওয়া, তৃণমূলের যুব সংগঠকদের সক্রিয় করা এবং প্রশিক্ষণ মডিউলে নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে দ্রুততম সময়ের মধ্যে যুব কাউন্সিল গঠনের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।