উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ২১ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন এবং সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সামরিক সদস্যদের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় শান্তির ওপর গুরুত্বারোপ করেন। প্রীতি রহমান বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য সমুন্নত রেখে প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ়করণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাহিনীর আধুনিকায়নের বিষয়টিও স্মরণ করেন। প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই সম্পর্ক পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করে তিনি আগামী দিনে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে অবস্থানরত প্রতিরক্ষা উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। কেক কাটা ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।