উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
দেশের জ্বালানি সংকট নিরসনে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানি চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে। প্রতিমন্ত্রী জানান, এই উদ্যোগ সফল করতে যুবকদের জন্য ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে। এছাড়া যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে তৃণমূল পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার অংশ হিসেবে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আয়োজিত এই সভায় যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত 'যুব কাউন্সিল' গঠনের ঘোষণা দেওয়া হয়। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নিয়মিত কাজের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। সভায় বেকার যুবকদের প্রশিক্ষণ মডিউলে যুগোপযোগী ট্রেড যুক্ত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যক্রম গতিশীল রাখতে প্রতি চার মাস পরপর এমন সভা আয়োজনের পাশাপাশি কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন মো. আমিনুল হক।