উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশের আয়োজন করা হয়। রিজভী আরও বলেন, বর্তমান সরকার ও বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। অপরাধীদের দমন-পীড়নের পরিবর্তে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাই দলের লক্ষ্য। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসসহ বিরোধী নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। শেখ হাসিনা বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতায় উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন রিজভী। এছাড়া ফরিদপুর ও নড়াইলে প্রাণহানি এবং বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে কঠোরভাবে সহিংসতাকারীদের দমন করতে পারতেন। কিন্তু তিনি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হওয়ায় প্রতিশোধপরায়ণতার পথ বেছে নেননি। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলসহ দলের নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।